মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৫১:১৮ প্রিন্ট সংস্করণ
বৈষম্যহীন ৯ম পে-স্কেল প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়নের এক দফা দাবিতে মাগুরার শ্রীপুর উপজেলা-তে উপজেলার সকল সরকারি কর্মচারীদের অংশগ্রহণে অর্ধদিবস কর্মবিরতি, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (তারিখ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এর আগে সকাল থেকেই সরকারি কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, প্রজ্ঞাপন ছাড়া আমরা কেউ ঘরে ফিরবো না। বর্তমানে আমরা চরম দুর্বিষহ জীবন যাপন করছি। বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে রয়েছে তীব্র কষ্ট ও অসহায়ত্ব। সামান্য বেতনে পরিবার-পরিজন নিয়ে ন্যূনতম জীবনযাপন করাও কঠিন হয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে আমাদের বেতন কখনোই সমন্বয় করা হয়নি। এটি শুধু আমাদের নয়, সরকারেরও দায়িত্ব। ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আজ এখানে সমবেত হয়েছি এবং আগামীকাল ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশে অংশগ্রহণ করবো।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনের আগে ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে নির্বাচনের সকল কার্যক্রম থেকে সরকারি কর্মচারীরা বিরত থাকবে। তাদের স্পষ্ট দাবি— “আগে পে-স্কেল, পরে নির্বাচন।”




















