মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ১২:৩৭:৪০ প্রিন্ট সংস্করণ
স্থানীয়দের তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের মুখে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম হাটখোলা দাখিল মাদ্রাসায় আয়া পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে নিয়োগ বোর্ড গঠনের সময় বিক্ষুব্ধ গ্রামবাসীর বাধার মুখে ডিজি (মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর) কার্যালয়ের প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দেন।
স্থানীয়দের অভিযোগ, নিয়োগের আগেই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম পলাশ তার স্ত্রী স্বপ্না খানমকে ওই পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এ বিষয়ে প্রায় ৮ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছে বলেও দাবি করেন তারা। আরও অভিযোগ করা হয়, সভাপতির আত্মীয় মিম আক্তার ও পান্না আক্তারকে ‘ডামি প্রার্থী’ হিসেবে রাখা হয়েছিল যাতে স্বপ্না খানমকে সহজে যোগ্য দেখানো যায়।
স্থানীয়রা জানান, দুপুরে নির্ধারিত সময় অনুযায়ী ডিজি কার্যালয়ের প্রতিনিধি মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছান। তবে মাদ্রাসা চত্বরে শত শত মানুষের প্রতিবাদ ও ক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিকেল ৪টার দিকে প্রতিনিধি নিয়োগ প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দেন।
মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এবং নিয়োগ বোর্ডের সদস্য শফিকুল ইসলাম বলেন, “স্থানীয় জনগণের তীব্র ক্ষোভ ও আপত্তির কারণে আজকের বোর্ড স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ম্যানেজিং কমিটি পরিপূর্ণ আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
ঘটনার পর এলাকায় স্বস্তি ফিরলেও স্থানীয় শিক্ষা মহলে এখনো ক্ষোভের সুর বিরাজ করছে। তাঁরা স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া দাবি করেছেন।




















