প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৫ , ১২:২৫:৪৯ প্রিন্ট সংস্করণ
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, “শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে শেখ হাসিনার সঙ্গে এক করে দেখবেন না। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জয় বাংলা থাকবে, বঙ্গবন্ধু থাকবেন। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবেন।”
শনিবার (১৬ আগস্ট) বিকালে টাঙ্গাইলের ঘাটাইলে মাকড়াই দিবস উপলক্ষে কাদেরিয়া বাহিনী মুক্তিযোদ্ধা মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “কেউ বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন। বঙ্গবন্ধু যদি জাতির পিতা না হন, তাহলে আপনার পিতা কে? কোনও সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী নয়, কুলাঙ্গার হয়। তাই বলার আগে ভেবে চিন্তে বলবেন।”
বঙ্গবীর বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটেছে—এটা আমি সমর্থন করি। তবে পতন হয়েছে জনগণের আন্দোলনে, অন্যায়ের কারণে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যদি আপনারা অন্যায় করেন, আমি বেঁচে থাকতে তার বিরুদ্ধে দাঁড়াবো। আইন অনুযায়ী বিচার করুন, তাকে শান্তি দিন।”
অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ সরকার দাঁড়িয়েছিল, তখন অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিলাম আমিও। না হলে ব্যাংকের অর্ধেক মাটির নিচে চলে যেত। কিন্তু আপনার এক বছরের শাসনে অনেক কিছু হৃদয়ে নিতে পারছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি ১০ গুণ খারাপ হবে।”
অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুর হকের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমদাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, হুমায়ুন বাংগাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধা ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















