প্রতিনিধি ২৬ জুন ২০২৬ , ৮:১২:০১ প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্যখাতে সর্বোচ্চ পরিমাণ বরাদ্দ দেওয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘এবারের বাজেট স্বাস্থ্যখাতের সর্বোচ্চ অগ্রাধিকারের বাজেট। বর্তমান এই ভঙ্গুর অর্থনীতিতে স্বাস্থ্য সেবায় এবং স্বাস্থ্যখাতে সর্বোচ্চ কী পরিমাণ বরাদ্দ দেওয়া যেতে পারে এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমাদের প্রধানমন্ত্রী সব সেক্টরে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করে চলছেন। যার মধ্যে অগ্রাধিকার পেয়েছে স্বাস্থ্য খাত।’
এ সময় তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে বলেন, ভৌগলিক কারণে এই অঞ্চলের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অনেক গুরুত্বপূর্ণ। এই মেডিকেল কলেজ হাসপাতালে যেসব অনিয়ম রয়েছে সবকিছু আমাদেরকে ঠিক করতে হবে। সর্বোপরি আমরা আমাদের রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রোগী হাসপাতালে এসে যদি সেবা না পায় এবং চিকিৎসা না পাওয়ার কারণে ঢাকায় স্থানান্তর করা হয়, তাহলে এটা হাসপাতালের অদক্ষতা। হাসপাতালে দুর্নীতি বন্ধ করা, স্বচ্ছতা নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য। কারণ এটা আমার দায়বদ্ধতার ভেতর পরে।’
তিনি আরও বলেন, রাজনৈতিক দলের পরিচয়ে কেউ যেনো হাসপাতালে অনৈতিক কাজ বা পরিবেশ নষ্ট না করতে পারে সেটা দেখতে হবে। এক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করতে হবে সবাইকে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ।














