মোঃ রবিউল ইসলাম | হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ৪:১৬:৩৮ প্রিন্ট সংস্করণ
মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হরিণাকুণ্ডু থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। একই সঙ্গে উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টায় উপজেলা মিনি স্টেডিয়ামে অবস্থিত শহীদ বেদীতে হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, হরিণাকুণ্ডু পৌরসভা, থানা প্রশাসন, বিভিন্ন প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরবর্তীতে সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে হরিণাকুণ্ডু প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের পাশাপাশি হরিণাকুণ্ডু উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, হরিণাকুণ্ডু মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুণ্ডু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিণাকুণ্ডু উপজেলা শাখার সেক্রেটারি মো. ইদ্রিস আলী মাস্টার, গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক আমর বিন মারুফ (জিতু), শিশু কলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসদুল হক (টিটু)সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও শিশুদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা হাসপাতালে রোগীদের মাঝে, এতিমখানা ও বৃদ্ধাশ্রমে উন্নত খাবার পরিবেশন করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতির কল্যাণ কামনায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।




















