সারাদেশ

হাকিমপুরে মাদ্রাসার কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ, বিক্ষোভে উত্তাল গ্রামবাসী

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৫ , ৩:৪৬:১৫ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা আলিম মাদ্রাসায় চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা না নিয়ে অন্যত্র আয়োজনের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে মাদ্রাসা গেটসংলগ্ন সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গ্রামবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে গ্রামবাসী গোলাম রাব্বানী মিলন অভিযোগ করে বলেন, মাদ্রাসার সভাপতি আব্দুল রাজ্জাক ও প্রিন্সিপাল ইদ্রিস আলী নিয়োগ বাণিজ্যের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার ষড়যন্ত্র করছেন। নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত স্বজনপ্রীতি ও অনিয়মের সুযোগ তৈরি করছে।

আরেক বাসিন্দা নাসির প্রধান বলেন, “এ ধরনের কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে। আমরা চাই, পরীক্ষা নিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে স্বচ্ছভাবে সম্পন্ন হোক।”

এ সময় মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, “সভাপতি আব্দুল রাজ্জাক ১২ লাখ টাকার বিনিময়ে একজন প্রার্থীকে চূড়ান্ত করেছেন। একজন নিয়োগে এত টাকা কেন দিতে হবে?”

মানববন্ধন শেষে গ্রামবাসী অনিয়ম বন্ধ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।

আরও খবর

Sponsered content