স্টাফ রিপোর্টারঃ ৫ মে ২০২৫ , ৯:২৬:২৭ প্রিন্ট সংস্করণ
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
রবিবার (৪ মে) রাতে এই দুইজনকে আটক করা হয় বলে গণমাধ্যম কে নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান।
আটককৃতরা হলেন—গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।
ডিসি রবিউল হাসান জানান, সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে পেছন থেকে এনসিপি নেতা হাসনাতের গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির কাচ ভেঙে যায়। চালকের ভাষ্যমতে, হামলাটি ছিল সুপরিকল্পিত।
তিনি আরও জানান, ঘটনার পরপরই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং তাৎক্ষণিক অভিযানের নির্দেশ দেন। অভিযানে দ্রুত পদক্ষেপ নিয়ে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ডিসি রবিউল
নুরুজ্জামান শেখ /এমআই




















