প্রতিনিধি ২৭ জুন ২০২৫ , ৩:৪১:৩২ প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক: নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের জনপ্রিয় গণমাধ্যম ‘ঠিকানা’ নিয়ে আসছে এক নতুন টক শো— ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এই অনুষ্ঠানটির প্রধান চমক হলো অভিনেতা জায়েদ খানের উপস্থাপনায় অভিষেক। ক্যামেরার সামনে বরাবরই তিনি পরিচিত মুখ হলেও, এবারই প্রথম টিভি উপস্থাপক হিসেবে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি।
এই টক শোটি সাজানো হয়েছে স্বদেশ ও প্রবাস—দুই প্রজন্মের দর্শকের মানসপটে জায়গা করে নেওয়ার ভাবনায়। অনুষ্ঠানটিতে তুলে ধরা হবে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাসজীবনের নানান সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তার প্রতিফলন।
ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন জানান, “এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার এক সাহসী পদক্ষেপ। জায়েদ খানকে আমাদের এই যাত্রায় পেয়ে আমরা গর্বিত। অনুষ্ঠানটিতে থাকছে পরিচিত মুখদের গভীর ও অন্তরঙ্গ সাক্ষাৎকার, সঙ্গে হালকা আড্ডা ও ভাবনার খোরাক জাগানো আলোচনা।”
নতুন এই ভুমিকা প্রসঙ্গে জায়েদ খান বলেন, “এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে—বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।”
‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’–এর প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামী ৪ জুলাই, শুধুমাত্র ঠিকানা টিভিতে। এরপর থেকে প্রতি শুক্রবার একটি করে পর্ব প্রচারিত হবে, যা দেখা যাবে ঠিকানা টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলা মিডিয়ার দুনিয়ায় যোগ হচ্ছে আরও এক ব্যতিক্রমী মাত্রা।





















