প্রতিনিধি ২৭ জুন ২০২৫ , ৫:২৩:৩০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন রমজানের আগেই অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে আর কোনও ধোঁয়াশা বা বিলম্বের সুযোগ নেই। তিনি বলেন, “লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ও হতাশা ছিল, তা কেটে গেছে। এখন দরকার কেবল ষড়যন্ত্র প্রতিহত করা।”
শুক্রবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইন (ইডিসি) আয়োজিত ‘শিক্ষা ভাবনা ও বাস্তবায়ন’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফারুক বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে শিক্ষা খাত। কারণ, শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। জাতি গঠনের মূল ভিত্তিই হচ্ছে শিক্ষাব্যবস্থা।”
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে দায়ী করে তিনি বলেন,“বর্তমান সরকারের সময়ে, বিশেষ করে ডা. দীপু মনির হাত ধরে শিক্ষাব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়েছে। শেখ হাসিনা ও তার পিতা যে ক্ষতি করে গেছেন, তা বলার ভাষা নেই। যারা গণতন্ত্রের বুলি কপচান, তারা কখনো শিক্ষার কথা বলেন না।”
আলোচনায় আরও বক্তব্য রাখেন— সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মার্জিয়া আক্তার।
তাঁরা সবাই শিক্ষাব্যবস্থার দুর্দশা তুলে ধরে আগামী দিনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ও শিক্ষাখাতের পুনর্গঠনের ওপর জোর দেন।
সংক্ষিপ্ত মন্তব্যে বিএনপির এই শীর্ষ নেতা স্পষ্টভাবে জানিয়ে দেন— রাজনৈতিক ভবিষ্যতের দিকনির্দেশনা এখন পরিষ্কার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে নির্বাচন হতে হবে দ্রুত ও নিরপেক্ষভাবে।




















