প্রতিনিধি ৩ জুলাই ২০২৫ , ১০:৫৫:৪৬ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার: বগুড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমিতে তারেক রহমানের ‘চাচাতো ভাই’ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে শামীম রহমান (৩৩) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শামীম রহমান বগুড়া শহরের নিশিন্দারা কারবালা মহল্লার মৃত লিল মিয়ার ছেলে। যদিও তিনি এসএসসি পাস করতে পারেননি, তবুও নিজেকে ‘ব্যারিস্টার শামীম রহমান’ পরিচয় দিয়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন।
বগুড়া জেলা ডিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, গত ২ জুলাই হারুন-উর রশিদ নামে এক ব্যক্তি প্রতারণার অভিযোগে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি ঢাকার বিএনপি কার্যালয়ের সামনে শামীমের সঙ্গে পরিচয় হয় ইমরান হোসেন ও গোলাম রব্বানীর। কথাবার্তার এক পর্যায়ে তিনি নিজেকে তারেক রহমানের চাচাতো ভাই এবং দলের কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে দাবি করেন। পাশাপাশি দলের পদ-পদবি দেওয়ার ক্ষমতার কথাও বলেন।
পরে ২২ জুন বিকেল সাড়ে ৫টায় বগুড়ার মম-ইন কফি শপের সামনে সাক্ষীদের ডেকে নিয়ে শামীম রহমান কেন্দ্রীয় যুবদলের পদ দেওয়ার নামে ইমরানের কাছে ২ লাখ টাকা এবং জেলা যুবদলের পদ দেওয়ার কথা বলে রব্বানীর কাছে ১ লাখ টাকা দাবি করেন। সাক্ষীরা বিশ্বাস করে তখনই তাকে ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন।
ঘটনার পর বিষয়টি যাচাই-বাছাই করলে দেখা যায়, তারেক রহমানের চাচাতো ভাই নামে কোনো ব্যক্তি বিএনপির শীর্ষ পর্যায়ে নেই। শামীম দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় প্রতারণার ফাঁদ পেতে নেতা-কর্মী ও প্রশাসনিক ব্যক্তিদের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন। কখনো ফোন, কখনো মেসেজের মাধ্যমে পদ-পোস্টিং ও প্রভাবশালী সম্পর্কের আশ্বাস দিয়ে টাকা নিতেন।
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার প্রতারণার জাল আরও বিস্তৃত হতে পারে, যা খতিয়ে দেখা হচ্ছে।




















