প্রতিনিধি ১ আগস্ট ২০২৫ , ২:০১:১৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় পৃথক দুটি মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে একজন নারী আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এই রায় ঘোষণা করেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
২০২০ সালের ৭ নভেম্বর বদলগাছী উপজেলার খাদাইল গ্রামের স্কুলছাত্র নাজমুলকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে আসামিরা। পরে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলেও তা না পাওয়ায় পরদিন নাজমুলকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়। এই ঘটনায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত অভিযুক্ত মিশু (১৯) ও পিংকি (৩০) কে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
তাছাড়া, একই মামলায় বয়স ১৮ না হওয়ায় হুজাইফা ও সাজু আহমেদকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে।
২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি মান্দা উপজেলার এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করেন আসামি রবিউল ইসলাম। পরবর্তীতে ওই ভিডিও ভাইরাল করার হুমকি ও প্রেরণের মাধ্যমে নারীর দুইটি বিবাহ বিচ্ছিন্ন হয়। মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোরশেদ (৩৫) ও রবিউল ইসলাম (৩৮) কে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড, এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এই মামলায় সুলতানা পারভিন নামে এক নারী আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করা হয়।
উভয় মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম সন্তোষ প্রকাশ করেছেন।




















