প্রচ্ছদ

ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংকটে মান্দার ব্যবসায়ী, অভিযুক্ত লতিফের বিরুদ্ধে অভিযোগ

  নওগাঁ প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ৪:৫১:৩০ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দা উপজেলার এক ভুট্টা ব্যবসায়ী মোজাম্মেল হক অভিযোগ করেছেন যে, পার্শ্ববর্তী আত্রাই উপজেলার হাটুরিয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল লতিফ তার কাছ থেকে ভুট্টা কিনে প্রায় ৩৪ লাখ ৫০ হাজার টাকা বাকি রেখেছেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় বর্তমানে তিনি চরম আর্থিক সংকটে রয়েছেন।

ব্যবসায়ী মোজাম্মেল হক জানান, দীর্ঘদিন ধরে তিনি নগদ ও বাকিতে ভুট্টা সরবরাহ করে আসছেন। বেশ কয়েকবার আব্দুল লতিফের কাছে পাওনা আদায়ের চেষ্টা করেও সফল হননি। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সপ্তাহের মধ্যে পুরো টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি।

এ বিষয়ে স্থানীয় বিশিষ্টজন আজিজার রহমান, নাসির উদ্দিন, ফরহাদ হোসেন এবং ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ জানান, বিষয়টি নিয়ে একাধিকবার বসতভিটায় আলোচনার আয়োজন করা হয়েছে। অভিযুক্ত লতিফও নিজের দেনার বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু টাকা পরিশোধে কোনো উদ্যোগ নিচ্ছেন না।

পাওনা টাকা আদায়ে কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় শেষমেশ মোজাম্মেল হক গন্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়স্বজনের পরামর্শে আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন বিষয়টির দ্রুত ও কার্যকর সমাধান হয়।

এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, “এ ধরনের বড় অঙ্কের বকেয়া লেনদেনের গড়িমসি গ্রামীণ অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করে। সময়মতো আইনানুগ পদক্ষেপ না নিলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য তা ভয়াবহ আর্থিক বিপর্যয়ের কারণ হতে পারে।”

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও গ্রামীণ সমাজ নেতারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, যেন গ্রামীণ ব্যবসার স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

আরও খবর

Sponsered content