রাজনীতি

নাফ নদীতে মিয়ানমার জলসীমায় ঢুকে পড়া ১৯ ট্রলারসহ ১২২ জেলে ফেরত আনল কোস্টগার্ড

  কক্সবাজার প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ১:৫৯:৪৬ প্রিন্ট সংস্করণ

 

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় প্রবেশ করা ১৯টি ফিশিং বোটসহ ১২২ জেলেকে ফেরত এনেছে কোস্টগার্ড। এদের মধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা।

শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহপরীর দ্বীপ এলাকা থেকে বেশকিছু ফিশিং বোট শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের ভেতরে মাছ ধরছে। পরে বিসিজি আউটপোস্ট শাহপরীর সদস্যরা নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ১৯টি ট্রলারসহ ১২২ জন জেলেকে আটক করে।

কোস্টগার্ড জানিয়েছে, আটক জেলে ও জব্দকৃত ট্রলারের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। জেলেদের নিরাপত্তা ও সীমান্ত আইন অমান্য ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশি জেলেদের মিয়ানমার জলসীমায় ঢুকে মাছ ধরার প্রবণতা বেড়ে গেছে। এর ফলে প্রায় প্রতিদিনই আরাকান আর্মির হাতে জেলে ও ট্রলার আটক হওয়ার ঘটনা ঘটছে।

আরও খবর

Sponsered content