সারাদেশ

গোপালগঞ্জের তিন আসনেই বিএনপির জয়

  শেখ শোভন আহমেদ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:২৯:৪২ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বিএনপি। স্বাধীনতার পর আওয়ামী লীগ অধ্যুষিত এ জেলায় এবারই প্রথম একযোগে তিন আসনে বিজয় অর্জন করল দলটি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট। এ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ৫১০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২ হাজার ৮২১ জন এবং নারী ১ লাখ ৯৬ হাজার ৬৮৯ জন। মোট কেন্দ্র ১৩৮টি।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির কে এম বাবর ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট। এ আসনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৩ লাখ ৮৪ হাজার ৩২৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৪ হাজার ৬২ জন, নারী ১ লাখ ৯০ হাজার ২৫৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। ভোটকেন্দ্র ১৫১টি।

গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এস এম জিলানী ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট। এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৮ হাজার ৪০৫ জন, নারী ১ লাখ ১ হাজার ৫০ হাজার ৩৭৮ জন এবং হিজড়া ভোটার ১ জন। ভোটকেন্দ্র ১০৮টি।

উল্লেখ্য, এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে একবার বিএনপি প্রার্থী এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর বিজয়ী হয়েছিলেন। এবার তিন আসনে একযোগে জয় পাওয়াকে জেলা রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

আরও খবর

Sponsered content