ফেনী প্রতিনিধি: ২৮ অক্টোবর ২০২৫ , ১১:৩৬:৫৬ প্রিন্ট সংস্করণ
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিনকে হাত কেটে নেওয়ার হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা ঠিকাদার কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে সোমবার (২৭ অক্টোবর) রাতে পৌরসভা কার্যালয়ে নির্বাহী প্রকৌশলীর কক্ষে। এ ঘটনায় পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ-আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পৌরসভার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথাও জানানো হয়েছে।
সূত্র জানায়, সম্প্রতি ফেনী পৌরসভায় বিশ্বব্যাংক অর্থায়নে প্রায় ২৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয় রাজধানীর ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল এর সঙ্গে। এ সময় জেলা বিএনপি সদস্য কামরুল হাসান মাসুদ প্রকৌশলীর কক্ষে ঢুকে ওই চুক্তি বাতিলের দাবি তোলেন এবং চুক্তিতে সই করলে “হাত কেটে নেওয়ার” হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এসময় তিনি টেবিলে থাকা ল্যাপটপ ও ফাইল ছুঁড়ে মেরে প্রকৌশলীকে লাঞ্ছিত করেন।
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন বলেন,“আমরা বিশ্বব্যাংকের প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের চেষ্টা করছি। এরই অংশ হিসেবে প্রথম ধাপে পিডিএল নামের একটি প্রতিষ্ঠান কাজ পেয়েছে। এ কারণেই ঠিকাদার মাসুদ ক্ষিপ্ত হয়ে অফিসে এসে আমার ওপর হামলা চালান এবং ভয়াবহ হুমকি দেন।”
তিনি আরও বলেন,“এই ধরনের আচরণ সরকারি কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে। আমরা বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করব।”
তবে অভিযোগ অস্বীকার করে কামরুল হাসান মাসুদ বলেন,“আমার চলমান উন্নয়ন কাজের প্রায় ২ কোটি টাকার বিল আটকে রেখেছেন নির্বাহী প্রকৌশলী। তিনি বিল ছাড় করতে ১.৫ শতাংশ ঘুষ দাবি করেছেন। আমি তা না দেওয়ায় তিনি বিরূপ মনোভাব পোষণ করছেন। হাত কেটে নেওয়ার হুমকি বা ল্যাপটপ ছুঁড়ে মারার কোনো ঘটনা ঘটেনি।”
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।




















