শিক্ষা ও শিক্ষাঙ্গন

মান্দায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি

  নওগাঁ প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ১:০৬:০০ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

“প্রতিমাসের প্রথম কর্মদিবসে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলি” শ্লোগানে আয়োজিত র‌্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন মান্দা ও মান্দা ইয়ুথ ক্লাবের সদস্যরা অংশ নেন।

র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,“ডেঙ্গু প্রতিরোধে সর্বপ্রথম প্রয়োজন সচেতনতা। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া। মনে রাখতে হবে নিজে বাঁচলে পরিবার বাঁচবে, পরিবার বাঁচলে সমাজ নিরাপদ থাকবে।”

তিনি আরও বলেন,“ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নিয়মিত বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখলেই এই রোগ প্রতিরোধ সম্ভব।”

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পরিচ্ছন্নতা ও জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content