প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ১২:১৬:৪৬ প্রিন্ট সংস্করণ
দুই মাসের বকেয়া বেতন পরিশোধসহ আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান হবে আসছে জুলাইয়ে। পূর্বের বকেয়াসহ নিয়মিত বেতনের ব্যবস্থা করা হচ্ছে।’
ইসলামী শিক্ষাকে কোনোভাবেই কোনো দল বা মতের হতে দেবে না সরকার-এমন মন্তব্য করে এহছানুল হক মিলন বলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের পরপরই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে সাতজন পদত্যাগ করলেন, অথচ অন্য কোথাও এ ঘটনা ঘটেনি। খোঁজ নিয়ে দেখা গেল, রাজনৈতিক ভিন্ন মতাদর্শ ছিল পদত্যাগকারীদের। যে লক্ষ্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, সেটা করতে সরকার বদ্ধপরিকর।
এ সময় অন্তর্বর্তী সরকারের সময় প্রয়োজন মেনে ১৭ হাজার শিক্ষক নিয়োগ হলেও বাজেটে তাদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি জানিয়ে-এ ব্যর্থতা কোনোভাবেই ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া সরকারের নয় বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
তিনি আরও বলেন, ‘১৭ হাজার শিক্ষক নিয়োগ হয়েছে যা প্রয়োজন ছিল। কিন্তু বাজেটে তাদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। সরকার গঠনের পর দেখা গেল ৫০১ কোটি টাকা প্রয়োজন কিন্তু সেটাও নেই। তবে জুলাই থেকে বেতন পাবেন শিক্ষকরা।’
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ২৯ কোটি টাকা প্রয়োজন বেতনের জন্য, যেদিক তাকাই সেদিকেই সমস্যা-এ কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আবার কওমি শিক্ষা ব্যবস্থায় তাদের নিজেদের মতবিরোধের কারণে সরকার গুছিয়ে উঠতে পারছে না।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআইবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। এ সময় বিশেষ অতিথি ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।














