শিক্ষা ও শিক্ষাঙ্গন

রাজশাহীতে জুলাই আন্দোলনের হামলায় ৯ মামলার চার্জশিট, আসামি ৫২৯ জন

  মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৫:১৯:২৩ প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি হত্যা মামলাসহ মোট ৯টি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেছে পুলিশ। এসব মামলায় মোট ৫২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলাগুলো তদন্ত করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আরএমপির আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, গত কয়েকদিন ধরে ধাপে ধাপে মামলার চার্জশিট আদালতে দাখিল হয়েছে। শুধুমাত্র গত তিনদিনেই নয় মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়।

 

জুলাই আন্দোলনে রাজশাহীতে দুজন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়কমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ২৪৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাকিব আনজুম হত্যা মামলায় ১১৭ জন এবং আলী রায়হান হত্যা মামলায় ১২৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

 

হত্যা মামলার বাইরে হামলা, ভাঙচুর, বিস্ফোরক ও অস্ত্র আইনে দায়ের হওয়া সাতটি মামলায় অভিযুক্ত হয়েছেন আরও ২৮৫ জন। সব মিলিয়ে মোট ৫২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন,“আমরা প্রত্যেকটি মামলা গুরুত্বের সঙ্গে তদন্ত করেছি। প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল প্রমাণ ও বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেছে শুধু তাদেরকেই চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

 

গত বছরের ৫ আগস্ট রাজশাহী নগরীর কল্পনা হল মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাড়া খেয়ে শাহমখদুম কলেজের পাশের একটি বাড়িতে আশ্রয় নেন বিশ্ববিদ্যালয় ছাত্র সাকিব আনজুম। সেখানে গুলি ও কুপিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় তার পিতা মাইনুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা করেন।

অন্যদিকে একই দিনে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন আলী রায়হান। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার ছোট ভাই রানা ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content