প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ২:০৬:১৪ প্রিন্ট সংস্করণ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। এ সময় তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট ও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “সারাদেশে নির্বাচনের জোয়ার এসেছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টাসহ সবাই দিনরাত কাজ করছেন।”
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনার ব্যাপারে সবাইকে স্পষ্ট বক্তব্য দিতে হবে। শেখ হাসিনা আজকেও বলেছেন, জুলাইয়ের আন্দোলনকারী সবাই সন্ত্রাসী। ১৮ কোটি মানুষকে সন্ত্রাসী বলে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। সন্ত্রাসী বলে দেশের মানুষকে হত্যাযজ্ঞ করতে চায়। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হবে।”
গণভোট ইস্যু নিয়েও বক্তব্য রাখেন শফিকুল আলম। তিনি বলেন, “এখন যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে। অনেকে বলছেন, জুলাই চার্টার তৈরিতে কৃষক, নারী, শ্রমিকদের সঙ্গে কথা হয়নি। তাহলে রাজনৈতিক দলগুলো কি এসব মানুষদের প্রতিনিধিত্ব করে না? জুলাই চার্টারে সব বিষয়ই অন্তর্ভুক্ত আছে।”





















