সারাদেশ

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ হলেন আমাদের সময়ের রোমান

  প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ৭:৪৬:২৬ প্রিন্ট সংস্করণ

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের (এসজেইউ) কোষাধ্যক্ষ হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন দৈনিক আমাদের সময়-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. রোমান আকন্দ।

আজ রোববার বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও বার্ষিক ফল উৎসব শেষে সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক হুংকার-এর নির্বাহী সম্পাদক ও দৈনিক ভোরের ডাক-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি এম. হারুন অর রশিদ সভাপতি, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. আল-আমিন শাওন পুনরায় সাধারণ সম্পাদক এবং চ্যানেল এস-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. খোরশেদ আলম বাবুল সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

নবনির্বাচিত কোষাধ্যক্ষ মো. রোমান আকন্দ বলেন, ‘শরীয়তপুর সাংবাদিক ইউনিয়ন হবে পেশাদার, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে। সকলের সহযোগিতায় একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও কল্যাণমুখী সাংবাদিক সংগঠন গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব।’

আলোচনা সভা ও বার্ষিক ফল উৎসব শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. রোমান আকন্দ এর আগে শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও খবর

Sponsered content