প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৫ , ২:৫৮:০৫ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শান্তিপুর বাঁশবাড়ি এলাকায় দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সামান্য একটি বেড়া দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই আবুল কাশেম ও আব্দুল কুদ্দুসের দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
লাঠিসোঁটা নিয়ে চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হন ১০ জন। পরে সংঘর্ষের কিছুক্ষণ পর আবুল কাশেমের বাড়ির একটি খড়িঘরে রহস্যজনকভাবে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৩৬ শতক জমিকে কেন্দ্র করেই দুই পরিবারের দীর্ঘদিনের বিরোধ। ঘটনার দিন বাড়ির সামনে ওই জমিতে বেড়া দিতে গেলে তুমুল বাকবিতণ্ডার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। আহতদের মধ্যে ৭ জনকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৩ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন—রবিউল ইসলাম (২৫), আবুল কাশেম (৬০), খলিলুর রহমান (৭০), আব্দুল কুদ্দুস (৭০), লাকি আক্তার (৩৫), ফয়জুল ইসলাম (৩৭), মুসলিম (৩০), দুলালী বেগম (২৮), রাকিব (১৪) ও আজগর আলী (৫০)।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”















