মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ৪:৫১:০৯ প্রিন্ট সংস্করণ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো মনোরোগ ইনডোর বিভাগ (“মনোরোগ অন্ত বিভাগ”) উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ২৫ বেডের এই ওয়ার্ডটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়, যা হাসপাতালের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ. এম. শামীম আহাম্মদ আনুষ্ঠানিকভাবে বিভাগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি. কে. এম. মাসুদ-উল-ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মোঃ ফয়সাল, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জহিরুল হক এবং মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা আলীম।
এছাড়াও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, মেডিসিন, সার্জারি, গাইনি ও অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তৃতায় বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ. এম. শামীম আহাম্মদ বলেন, “এটি রাজশাহীবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। মানসিক স্বাস্থ্যসেবাকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে ইনডোর মনোরোগ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
হাসপাতালের নবাগত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ-উল-ইসলাম বলেন, “এই বিভাগ চালুর মাধ্যমে রোগীদের সার্বিক মানসিক স্বাস্থ্যসেবা এক ধাপ এগিয়ে গেল। ভবিষ্যতে এই সেবা আরও আধুনিক ও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।”
উদ্বোধন শেষে উপস্থিতরা নতুন বিভাগের বিভিন্ন সুবিধা ঘুরে দেখেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক স্বাস্থ্যসেবা আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।














