বিনোদন

প্রচার হচ্ছে কক্সবাজারে ধারণকৃত ‘ইত্যাদি’

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ১২:৩৩:১৭ প্রিন্ট সংস্করণ

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব প্রচার হবে শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর। বিটিভিতে পর্বটি মূলত পুনঃপ্রচার হবে।

জানা গেছে, দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কক্সবাজার সমুদ্র সৈকতে ধারণ করা ইত্যাদির একটি সংকলিত পর্ব এটি।

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে একদিকে পাহাড় এবং অন্যদিকে সমুদ্র রেখে মাঝের সৈকতে নির্মাণ করা হয়েছিল ইত্যাদির এ পর্বের মঞ্চ। বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে দুটি। দ্বৈতকণ্ঠে একটি গান গেয়েছেন কক্সবাজারের সৈকতের শিল্পী জাহিদ এবং জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী। এছাড়াও এবারের পর্বে ২০০৬ সালের মার্চ মাসে প্রচারিত ইত্যাদি থেকে কণ্ঠশিল্পী হাসান, পান্থ কানাই ও মেহেদীর একটি গান সংকলন করা হয়েছে।

গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর করেছেন মেহেদী। রয়েছেন চট্টগ্রামের যন্ত্রশিল্পী মিঠুন চক্র ও ইমতিয়াজ আলী জিমির পরিবেশনায় যন্ত্র সঙ্গীতের লীলামুখর খেলা সাগর সংলাপ।

এবারের পর্বেও থাকছে কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় স্থানগুলোর ওপর আছে বিশেষ প্রতিবেদন। এছাড়াও কুতুবদিয়ার বায়ুবিদ্যুৎ প্রকল্প, ঐতিহ্যবাহী বাতিঘর, লবণ চাষ, মহেষখালীর পান এবং কক্সবাজারের সবেচেয়ে বড় শুঁটকিপল্লী নাজিরারটেকের ওপর রয়েছে কিছু তথ্যভিত্তিক প্রতিবেদন।

পাশাপাশি ঠাকুরগাঁও জেলার এক নিভৃত পল্লীতে গড়ে তোলা একটি ব্যতিক্রমধর্মী জাদুঘর ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের’ ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন।

আরও খবর

Sponsered content