সারাদেশ

টঙ্গীতে সম্পাদক শামসুল হক দুররানীর ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ১১ ডিসেম্বর ২০২৫ , ৫:৩৫:৩৬ প্রিন্ট সংস্করণ

 

দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানীর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভমূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় টঙ্গী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক সমাজসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনের সভাপতিত্ব করেন দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি বায়েজিদ হোসেন এবং সঞ্চালনা করেন সাংবাদিক অলিদুর রহমান। বক্তারা অভিযোগ করেন, একজন সম্পাদককে হয়রানির উদ্দেশ্যে ভিত্তিহীন মামলার আশ্রয় নেওয়া হয়েছে—যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর হুমকি। তাঁরা অবিলম্বে মামলা প্রত্যাহার ও শামসুল হক দুররানীর মুক্তি নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মোহাম্মদ আলী ভুইয়া (সাধারণ সম্পাদক, টঙ্গী থানা প্রেসক্লাব), কালিমুল্লাহ ইকবাল (সাবেক সাধারণ সম্পাদক, টঙ্গী প্রেসক্লাব), সিনিয়র সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল, মোস্তাকিম খান (দৈনিক বর্তমান), আউলাদ হোসেন (সভাপতি, টঙ্গী সাংবাদিক ক্লাব), সুজন সারোয়ার (দৈনিক খোলা কাগজ), বদরুল আলম রায়হান (নির্বাহী সম্পাদক, জাগো গাজীপুর), জাহাঙ্গীর আকন্দ (দৈনিক নওরোজ), মোঃ নুরুজ্জামান শেখ (নিউজ২১), হানিফ হোসেন (দৈনিক নওরোজ), সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী, সাংবাদিক শাহজাহান শুভন, রায়হান (আনন্দ টেলিভিশন), পলাশ সরকার (বাংলাদেশ সমাচার) এবং গোলাম কিবরিয়া, মোস্তুফাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

মানববন্ধন শেষে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মর্যাদাপূর্ণ পেশা—যা হয়রানি ও ভয়ভীতির মাধ্যমে দমিয়ে রাখা সম্ভব নয়। গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদপত্রের মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে লড়বে বলেও তাঁরা প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content