সারাদেশ

এনটিভির জেলা প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

  বরুণ ব্যানার্জী , সাতক্ষীরা ৫ এপ্রিল ২০২৬ , ১:৩৪:২৫ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরা জেলায় এনটিভির জেলা প্রতিনিধি জুলফিকার আলী জিন্নাহর ওপর হামলা এবং মেহেদী আলী সুজনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রথম আলো ও ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ইনডিপেনডেন্ট টিভির আবুল কাশেম, সময় টিভির মমতাজ আহমেদ বাপি, স্টার নিউজের এস এম ফরহাদসহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন ৭১ টিভির বরুণ ব্যানার্জি, যমুনা টিভির আকরামুল ইসলাম, এখন টিভির আহসান রাজীবসহ প্রেসক্লাবের সদস্যরা।

বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

উল্লেখ্য, গত ৩০ মার্চ সাতক্ষীরা সদর রেজিস্ট্রি অফিসে সিন্ডিকেটের বাইরে গিয়ে দলিল রেজিস্ট্রি করাকে কেন্দ্র করে এনটিভির সাংবাদিক এম এম জিন্নাহর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। পরে তার বিরুদ্ধেও পাল্টা মামলা রেকর্ড করে পুলিশ। এছাড়া রেজিস্ট্রি অফিস কর্তৃপক্ষও এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

আরও খবর

Sponsered content