ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসীদের গুলির ঘটনার প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর বিএনপি ও সাধারণ জনতা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের নেতৃত্বে হিলি এলএসডি গোডাউন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় কর্মী ওসমান হাদির ওপর সুপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এমন হামলা চালানো হয়েছে, যা দেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।