প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ১১:২৫:৩০ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলছেন, ‘বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করলেও আমরা আজও সেই কাঙ্ক্ষিত বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি।’
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের সিও অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাবে এসে বিজয় র্যালি শেষে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, ‘যে স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, ১৯৯০ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল এবং সর্বশেষ ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে আরেকটি গণঅভ্যুত্থান সফল হয়েছিল। কিন্তু সে স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি আন্দোলন ও অভ্যুত্থানে যারা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের একটিই দাবি ছিল পৃথিবীর বুকে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াবে। একটি মর্যাদাশীল, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত রাস্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করবে।’
মাসুদ সাঈদী বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে চাইলে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, যারা কেবল মুখে স্বাধীনতার চেতনার কথা বলেছে, তারা সেই চেতনাকে অন্তরে ধারণ করে নাই। তাদের অনেকেই দুর্নীতিবাজ, লুটেরা, ডাকাত ও সন্ত্রাসীতে পরিণত হয়েছে।’
জামায়াতের এ নেতা বলেন, ‘জামায়াতে ইসলামী শুধু মুখে স্বাধীনতার কথা বলে না, তারা অন্তরে ধারণ করে। আজ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি, তবে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন প্রকৃত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মুক্তিযুদ্ধের যোদ্ধারা ও জুলাই যোদ্ধারা এই দেশের সূর্যসন্তান। তাদের যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে আর কোনো নতুন যোদ্ধা তৈরি হবে না।’
মাসুদ সাঈদী আরও যোগ করেন, ‘হাদীর ওপর হামলা কোনো ব্যক্তির ওপর হামলা নয়। এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। এর বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি। প্রকৃত দেশপ্রেম মানে সততা, ন্যায় ও জবাবদিহিতা। বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে দেশের কোনো থানায় দুর্নীতি, চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজির মামলা নেই। এটাই প্রমাণ করে প্রকৃত স্বাধীনতার চেতনা কী এবং প্রকৃত দেশপ্রেম কাকে বলে।’
এদিন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর মো: ইসাহাক আলী খান, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ইমরান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




















