সারাদেশ

মেহেরপুরে জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও চাকরি মেলা

  মেহেরপুর জেলা প্রতিনিধি: ১৮ ডিসেম্বর ২০২৫ , ৪:৪২:০৪ প্রিন্ট সংস্করণ


জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও চাকরি মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্র প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী ড. শামিম হোসেনসহ কেন্দ্রের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

র‍্যালি শেষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত চাকরি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটে তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে আয়োজিত চাকরি মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এতে উপস্থিত চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরও খবর

Sponsered content