রাজনীতি

কর্মসংস্থান সংকটই দেশের সবচেয়ে বড় সমস্যা: বাঘারপাড়ায় হাসনাত আব্দুল্লাহ

  সাঈদ ইবনে হানিফ, যশোর প্রতিনিধি: ২৪ জুলাই ২০২৬ , ১১:২৯:০৩ প্রিন্ট সংস্করণ

যশোরের বাঘারপাড়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত এক পথসভায় দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো তরুণদের কর্মসংস্থান। রাষ্ট্র এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব। তবে যারা জুলাইয়ের চেতনা ধারণ করে না, তাদের মাধ্যমে তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ হবে না।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ গেট এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের অন্যতম বড় সংকট কর্মসংস্থান। তিনি দাবি করেন, বিএনপি সরকার নির্বাচনের আগে পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ভোটের পর নির্বাচনের ফলাফল চুরি করেছে।

দেশের রাজনীতিতে জবাবদিহি, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি একটি জবাবদিহিমূলক, গণমুখী ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এনসিপি নেতা ইয়াহিয়া জিসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ সভায় অংশ নেন।

আরও খবর

Sponsered content