মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ১২:৪২:৫৫ প্রিন্ট সংস্করণ
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ৫৫ নম্বর ওয়ার্ডে শীতার্ত ও অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দরিদ্র ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে সংগঠনটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
শনিবার টঙ্গী মিলগেট এলাকায় অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৫ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মোক্তার হোসেন মুন্সী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ার হোসেন ভুইয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনোয়ার হোসেন ভুইয়া বলেন, “মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
সভাপতির বক্তব্যে মোক্তার হোসেন মুন্সী বলেন, “৫৫ নম্বর ওয়ার্ডে বসবাসরত অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক মোঃ মোস্তফা, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নেয়ামত উল্লা ভুইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান। তারা বলেন, মানবিক সহায়তার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য।














