সারাদেশ

নেত্রকোনায় বাবা-ছেলেকে পিটিয়ে জখম, চার দিন পর বাবার মৃত্যু

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি: ১৩ জানুয়ারি ২০২৬ , ২:৪৩:২২ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম তাইজুদ্দীন ফকির ওরফে গেদু মিয়া (৭৮)। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গেদু মিয়া খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বানীচাপুর গ্রামের বাসিন্দা। এর আগে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে একই গ্রামের প্রতিপক্ষের হামলায় তার ছেলে রাইকুল ফকির গুরুতর আহত হন।

নিহতের ছোট ভাই সানোয়ার ফকির জানান, বৃহস্পতিবার সকালে গেদু মিয়ার ছেলে রাইকুল ফকির বাড়ির পাশে কৃষিজমিতে কাজ করতে গেলে একই গ্রামের স্বপন মির্জা ও তার ছেলেসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্রের আঘাতে রাইকুল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর গেদু মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ দায়ের শেষে বিকেলে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে গেদু মিয়ার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকেও উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করা হয়।

চার দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার দিবাগত রাতে গেদু মিয়া মারা যান। এদিকে তার ছেলে রাইকুল ফকির এখনও মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে সানোয়ার ফকির জানান, ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে। এরপর এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, “গত বৃহস্পতিবার ছেলের ওপর হামলার ঘটনায় গেদু মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছিলেন। তার ওপর পরবর্তীতে হামলার বিষয়ে তখন কোনো তথ্য পাইনি। গত রাতে তার মৃত্যুর খবর জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content