সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর সীমান্তে বিজিবির জোরালো নিরাপত্তা

  মো. শাহ্ আলম মণ্ডল, দিনাজপুর প্রতিনিধি : ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:১৫:৫০ প্রিন্ট সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলাগুলোতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জোরালো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের সীমান্তবর্তী হিলি উপজেলার চারমাথা মোড়ে স্থাপিত বিজিবির অস্থায়ী চেকপোস্ট পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবি দায়িত্ব পালন করছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গত ১ ফেব্রুয়ারি থেকেই বিজিবি মাঠে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। যেকোনো পরিস্থিতিতে কঠোর হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা হবে এবং ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, ফুলবাড়ী ২৯ বিজিবির আওতাধীন মোট ৬টি উপজেলায় নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করছে বিজিবি। এর মধ্যে সীমান্তবর্তী হিলি, বিরামপুর ও ফুলবাড়ী—এই তিনটি উপজেলায় ৪ প্লাটুন করে বিজিবি মোতায়েন রয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে সেনাবাহিনী না থাকায় বিজিবির টহল, নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, কোনো ধরনের শিথিলতা বরদাশত করা হবে না। ভোটাররা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ও সঠিক সময়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে।

এ ছাড়া নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে বলেও জানান তিনি। কোনো পাচারকারী যেন সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র বা নিষিদ্ধ সামগ্রী প্রবেশ করাতে না পারে—সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবির এই কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সীমান্তবর্তী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও খবর

Sponsered content