অর্থ-বাণিজ্য

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি-বোমা হামলা: কর্মী নিহত, নেতা আশঙ্কাজনক

  নিজস্ব প্রতিবেদক: খুলনা ৩ নভেম্বর ২০২৫ , ১:৫৬:২৯ প্রিন্ট সংস্করণ

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ (৪৫)।

রোববার  রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিএনপি কর্মীর নাম ইমদাদুল হক (৫৫)। তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বসেছিলেন মামুন শেখ। এ সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা মামুন শেখকে লক্ষ্য করে পরপর দু’টি বোমা ও চারটি গুলি ছোড়ে। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সন্ত্রাসীরা আরও গুলি চালালে মামুন শেখ গুলিবিদ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় মামুন শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, “মামুন শেখ প্রায়ই কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে আড্ডা দিতেন। রাত ৯টার দিকে তাকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত হামলা চালায়। তার অবস্থা গুরুতর। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং তদন্ত শুরু করেছে।

স্থানীয় বিএনপি নেতারা এ হামলার নিন্দা জানিয়ে বলেন, “এই হামলা একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এর নেপথ্যের হোতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

আরও খবর

Sponsered content