মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ১১:৪১:৩৪ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ১১৮ শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় নোয়াপাড়া আই.বি. সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ নম্বর নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. জাকিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপপরিচালক এ কে এম সাইফুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি ও সম্মাননা প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. আতাউল মোস্তফা সোহেল। বক্তব্য দেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, সৈয়দ বোরহান উদ্দিন ও শ্যামলী রানী দেব।
পরে নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবৃত্তিপ্রাপ্ত ১১৮ শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।















