জাতীয়

জামায়াত আমিরের ‘নির্বাচনী বিতর্ক’ প্রস্তাবকে চটকদার বলছে বিএনপি

  ইসমাইল হোসেন রতন ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:৫৫:৩১ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে দেওয়া ‘নির্বাচনী বিতর্কের’ প্রস্তাবকে একটি ‘চটকদার বিষয়’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন এই প্রতিক্রিয়া জানান।

জামায়াত আমিরের ফেসবুক পোস্টে তারেক রহমান-কে ট্যাগ করে নির্বাচনী আলোচনার আহ্বানের প্রেক্ষিতে মাহদী আমিন বলেন, প্রচারণার শেষ সময়ে এসে এমন প্রস্তাব স্রেফ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার একটি কৌশল হতে পারে।

বিএনপির নির্বাচনী মুখপাত্র বলেন, এ বিষয়ে তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কোনো আলোচনা হয়নি। তবে তার কাছে মনে হয়েছে, ফেসবুকে একটি পোস্ট দিয়ে তারেক রহমানের অ্যাকাউন্ট ট্যাগ করাটা বেশ চটকদার বিষয়। তিনি আরও বলেন, আগামী কয়েক দিনে দলের চেয়ারম্যানের শিডিউল খালি নেই।

পলিসি ডিবেট প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বিএনপি হুট করে কোনো নীতি নির্ধারণ করেনি। তিনি উল্লেখ করেন, ২০১৩ সালের জুলাই মাসে একটি ইফতার অনুষ্ঠানে দেওয়া তারেক রহমানের বক্তব্যই পরবর্তীতে বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হয়েছে। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তারেক রহমান গত এক যুগেরও বেশি সময় ধরে সুসংগঠিত ও সুনির্দিষ্ট নীতির কথা বলে আসছেন বলে দাবি করেন তিনি।

মাহদী আমিন আরও বলেন, ফ্যাসিবাদের সময় আইন-আদালতের মাধ্যমে তারেক রহমানের বাকস্বাধীনতা সীমিত করা হয়েছিল, যার ফলে তার অনেক বক্তব্য প্রচার পায়নি। তবে বিএনপির নির্বাচনী ইশতেহার তারেক রহমানের সেই বক্তব্য, বিবৃতি ও নীতির আলোকে নির্ধারিত হয়েছে।

জামায়াতের প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, দীর্ঘ সময় ধরে কোনো আলোচনা বা সুস্পষ্ট নীতিগত অবস্থান না রেখে নির্বাচনের ঠিক আগে পলিসি ডিবেটের আহ্বান কেন—তা প্রশ্নবিদ্ধ। তিনি আরও দাবি করেন, গত দেড় বছরে তো নয়ই, গত ১৬–১৮ বছরেও জামায়াত আমিরের সুস্পষ্ট কোনো নীতিগত পোস্ট তিনি দেখেননি।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন জামায়াতের রাজনৈতিক অবস্থানের ধারাবাহিকতা ও স্পষ্টতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, একদিকে জামায়াত আমিরের পুরোনো বক্তব্যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে ঘরের দিকে নেওয়ার কথা বলা হয়েছে, আবার এখন নারী মন্ত্রী করার কথা বলা হচ্ছে—অথচ এই নির্বাচনে তারা একজন নারী প্রার্থীকেও মনোনয়ন দেয়নি।

এর বিপরীতে বিএনপিকে ‘নারীর ক্ষমতায়নের দল’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির হাত ধরেই দেশে নারী শিক্ষা ও কর্মসংস্থানে বড় পরিবর্তন এসেছে। তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড’ পরিকল্পনাও সেই ধারাবাহিকতার অংশ বলে মন্তব্য করেন তিনি।

আরও খবর

Sponsered content