আব্দুল আলীম প্রামানিক, গঙ্গাচড়া (রংপুর): ১৯ জানুয়ারি ২০২৬ , ৫:১৬:২৬ প্রিন্ট সংস্করণ
রংপুরে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গঙ্গাচড়া মডেল থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ৮৮৫ বোতল ফেনসিডিল এবং এস্কাপ ও ফেয়ারডিল নামের অন্যান্য মাদক বহনকারী একটি কাভার্ড ভ্যান আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে এসব নিষিদ্ধ মাদক অবৈধভাবে বাংলাদেশে পাচার করে আসছিল। লালমনিরহাট জেলা ডিবি পুলিশ কাভার্ড ভ্যানটির গতিবিধি শনাক্ত করে অভিযান শুরু করে। ধাওয়া চলাকালে কাভার্ড ভ্যানটি রংপুর জেলার গঙ্গাচড়া এলাকায় প্রবেশ করলে গঙ্গাচড়া মডেল থানার সহযোগিতায় সেটি আটক করা হয়।
পরে আটক কাভার্ড ভ্যানটি তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জান বলেন, “লালমনিরহাট জেলা পুলিশ ধাওয়ার পর কাভার্ড ভ্যানটি গঙ্গাচড়া এলাকায় প্রবেশ করলে গঙ্গাচড়া মডেল থানার সহযোগিতায় সেটি আটক করা হয়। এ ঘটনায় মামলা লালমনিরহাট জেলায় দায়ের করা হবে এবং তদন্ত পরিচালনা করবে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এগুলো দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্তবর্তী ও অভ্যন্তরীণ এলাকায় অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও ভারতীয় ফেনসিডিলসহ সব ধরনের মাদকপাচারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।














