সারাদেশ

বদরগঞ্জে ৯ বছরের শিশু হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ , ১২:২৩:৫১ প্রিন্ট সংস্করণ

রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মুচিরহাট এলাকায় ৯ বছরের শিশু সিয়াম বাবু হত্যার মামলার প্রধান আসামি মো. কাইয়ুম উদ্দিন (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, “আমি যতদিন এই থানায় আছি, কোনো অপরাধী অন্যায় করে ছাড় পাবে না।”

জানা গেছে, নিহত সিয়াম বাবু গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপিনাথপুর ইউনিয়নের মুচিরহাট এলাকায় তার মা সাথী বেগমের সঙ্গে ওয়াজ মাহফিল শুনতে যায়। সেখান থেকেই শিশুটি নিখোঁজ হয়। সারারাত খোঁজাখুঁজির পর শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বদরগঞ্জ থানায় এসে মা সাথী বেগম কাইয়ুম উদ্দিনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর শুক্রবার দুপুরে একটি ধানক্ষেতের পাশ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর শুক্রবার রাত ৯টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে কাইয়ুম উদ্দিনকে আটক করা হয়।

ওসি হাসান জাহিদ সরকার আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে হত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও পেছনের প্রেক্ষাপট জানতে তদন্ত জোরদার করা হয়েছে।

আরও খবর

Sponsered content