সারাদেশ

মুজিবনগরের মোনাখালীতে জামায়াত প্রার্থী তাজউদ্দিন খানের নির্বাচনী প্রচারণা ও সমাবেশ

  মেহেরপুর প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ , ১২:০৬:২১ প্রিন্ট সংস্করণ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খানের নির্বাচনী প্রচারণা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বাদ আসর থেকে ওয়ার্ডগুলোর প্রধান সড়কগুলোতে ব্যাপকভাবে এ প্রচারণা চালানো হয়। প্রচারণা শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তাজউদ্দিন খান বলেন, “ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা এ দেশ গড়তে চাই। আমরা দেশকে দুর্নীতিমুক্ত রাখবো এবং নিজেরাও দুর্নীতিমুক্ত থাকবো। জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান আমরা সততা ও সেবার মাধ্যমে দিতে চাই।”

মোনাখালী ইউনিয়ন জামায়াতের আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি জারজিস হুসাইন, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা খান জাহান আলী, সেক্রেটারি খাইরুল বাসার এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফজলুল হক গাজীসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, মাওলানা তাজউদ্দিন খানের নেতৃত্বে এলাকায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হচ্ছে। প্রচারণায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের মধ্যে জামায়াত প্রার্থীর প্রতি সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আরও খবর

Sponsered content