জাতীয়

ভোট ও ফলাফল নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:৪৭:৩২ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এই অঞ্চলে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে খুলনার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই অঞ্চলে কোনো ধরনের আশঙ্কা নেই। নির্বাচন খুবই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।’ ভোট ও ফলাফল নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোট সাত দিন মাঠে থাকবে। ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর দুই দিন।’ এবার নিরাপত্তায় অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ সংখ্যক বাহিনী ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।

জাহাঙ্গীর আলম জানান, প্রায় এক লাখের বেশি সেনাবাহিনী সদস্য, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্টগার্ড, সাড়ে তিন হাজার নেভি, প্রায় এক লাখ পুলিশ সদস্য, ৩৭ হাজার বিজিবি, নয় হাজার র‍্যাব এবং সবচেয়ে বড় শক্তি হিসেবে পাঁচ লাখের বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে সিসিটিভি, বডি ক্যামেরা, ডগ স্কোয়াড ও ড্রোন নজরদারি।

গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় যেসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।’

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকরা যেন আগের মতোই সত্য ও দায়িত্বশীল সংবাদ প্রকাশ করেন।’ মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ কখনো কখনো পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যেতে পারে বলেও তিনি সতর্ক করেন।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে সভায় খুলনা অঞ্চলের দশ জেলা প্রশাসনের ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content