প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:১৬:৪৭ প্রিন্ট সংস্করণ
প্রশিক্ষণের সময় কুঁচকিতে সরাসরি আঘাত পাওয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক মিচেল মার্শ। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিবৃতিতে জানানো হয়, ‘মার্শ এখনও ব্যথা ও অস্বস্তিতে ভুগছেন, যার ফলে তার স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। স্ক্যানে অভ্যন্তরীণ টেস্টিকুলার রক্তক্ষরণ ধরা পড়েছে। তাকে কিছুদিন বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে হবে। তার মাঠে ফেরা নির্ভর করবে উপসর্গের উন্নতি ও চিকিৎসকদের পরামর্শের ওপর।’
তবে কবে নাগাদ তিনি দলে ফিরতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
এদিকে মার্শের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে স্ট্যান্ডবাই তালিকায় থাকা স্টিভ স্মিথকে শ্রীলংকায় যাওয়ার জন্য ডেকেছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা। প্রয়োজনে দলে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তুতি নিতে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।











