মোঃ রাশেদ মিয়া , স্টাফ রিপোর্টার, বগুড়া। ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:১২:৩৯ প্রিন্ট সংস্করণ
বগুড়ার যমুনা তীরের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রায় আড়াই-তিন দশক আগে এই হাসপাতালেরই এক বিছানায় নবজাতক হিসেবে প্রথম কেঁদে উঠেছিলেন দুই শিশু। যমুনার পলিমাটিতে বেড়ে ওঠা সেই দুই শিশু—অন্তর ও সজিব—আজ একই হাসপাতালে ফিরলেন। তবে রোগী হিসেবে নয়, গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে আর্তমানবতার সেবায় ডাক্তার হয়ে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আবেগঘন পরিবেশে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নবনিযুক্ত চিকিৎসক হিসেবে যোগদান করেন ডা. অন্তর কুমার সাহা ও ডা. সজিব কুমার সাহা। জন্মস্থানেই প্রথম সরকারি পদায়ন পাওয়ায় পুরো উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
সাহপাড়া এলাকার পীযুষ কুমার সাহার ছেলে অন্তর কুমার সাহা। বগুড়া জিলা স্কুল ও সরকারি আজিজুল হক কলেজ থেকে পড়াশোনা শেষে তিনি ভর্তি হন দেশের শীর্ষ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ-এ। সেখান থেকে এমবিবিএস সম্পন্ন করে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি নিজ শেকড়ে ফিরে এসেছেন।
অন্যদিকে, পল্লী চিকিৎসক সুবোধ কুমার সাহার ছেলে সজিব কুমার সাহা। সারিয়াকান্দি আদর্শ প্রাথমিক বিদ্যালয় ও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ঢাকার নটর ডেম কলেজ পেরিয়ে তিনি ভর্তি হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ-এ (মিটফোর্ড)। বাবার পথ অনুসরণ করে আজ তিনি পূর্ণাঙ্গ চিকিৎসক হিসেবে দায়িত্ব নিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হোসেন সরদার ফুল দিয়ে নবীন চিকিৎসকদের বরণ করে নেন। উপস্থিত সবার চোখেমুখে ছিল গর্ব ও তৃপ্তির ছাপ।
স্থানীয়রা বলছেন, রাজধানীর বড় হাসপাতালে ক্যারিয়ার গড়ার সুযোগ থাকা সত্ত্বেও নিজ এলাকার মানুষের সেবায় ফিরে আসা এক বিরল দৃষ্টান্ত। চিকিৎসকদের প্রতি মানুষের আস্থার যে সংকট অনেক সময় তৈরি হয়, ঘরের ছেলেদের এই প্রত্যাবর্তনে তা অনেকটাই দূর হবে বলে আশা করছেন সারিয়াকান্দিবাসী।
ডা. অন্তর ও ডা. সজিব এখন শুধু চিকিৎসক নন—যমুনা পাড়ের হাজারো মেধাবী তরুণের কাছে তারা এক জীবন্ত অনুপ্রেরণার নাম।














