চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে শালিস বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে একটি শালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং আতঙ্কিত সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।