প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৬ , ১১:২২:৪২ প্রিন্ট সংস্করণ
রাজধানীর গণপরিবহনে নতুন সংযোজন হতে যাচ্ছে ‘পিংক বাস’ সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হতে যাওয়া এসব বাসে শুধু নারীরা যাতায়াত করবেন। এর চালক ও সহকারীও থাকবেন নারী।
বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এতে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
গতকাল রোববার সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিআরটিসি জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। বাসগুলো পিংক রঙের হবে।
এই উদ্যোগের মধ্য দিয়ে রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষায়িত সেবা চালুর পাশাপাশি বাস পরিচালনায় নারীদের অংশগ্রহণেরও সুযোগ তৈরি হচ্ছে।





















