সারাদেশ

নয় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, রংপুরের আট জেলায় জ্বালানি তেল পরিবহন শুরু

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ২৯ মার্চ ২০২৬ , ৯:৪২:০০ প্রিন্ট সংস্করণ

নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় ট্যাংকলরি শ্রমিকদের শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি ৯ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ।

সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে দণ্ডপ্রাপ্ত শ্রমিকদের সোমবার মুক্তি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতেই শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করেন।

এর ফলে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এর আগে সকাল ৯টা থেকে শুরু হওয়া কর্মবিরতির কারণে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পেট্রোল পাম্প মালিক সমিতিও। এতে রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরি নীলফামারীর উদ্দেশে রওনা দেয়। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও সহকারী গাড়ি থামিয়ে মেরামতের কাজ করছিলেন।

এ সময় নীলফামারীর এনডিসি নিয়াজ ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেল চুরির অভিযোগ আনেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লরি ম্যানেজার একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

শ্রমিকরা এই দণ্ডকে ‘হয়রানিমূলক’ আখ্যা দিয়ে রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন, যা সন্ধ্যায় প্রত্যাহার করা হয়।

আরও খবর

Sponsered content