প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ , ৯:০২:২৫ প্রিন্ট সংস্করণ
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তার আপন খালাতো ভাই এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আজিজুর রহমান টাইগার। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলার আবেদন করেন।
আদালতের ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত বাদীর জবানবন্দির পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ডিসিকে তদন্ত করে আগামি ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় ডিপজলের ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, আজিজুর রহমান টাইগারের সুনাম, সুখ্যাতি, ব্যবসায়িক সফলতা, দেশ-বিদেশে পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে ডিপজল বিভিন্নভাবে তার অপচেষ্টায় লিপ্ত। তারই ধারাবাহিকতায় ম্যানেজার আব্দুল গণি গত বছরের ৩ আগস্ট আজিজুর রহমান টাইগারের বিরুদ্ধে দারুসসালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সেখানে অভিযোগে বলা হয়েছে, টাইগারের নির্দেশে ৩ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে দিলশাদ, সাইদুর রহমানসহ ১০/১৫ জন তাদের (ডিপজলের) ভাড়া দেওয়া নাভানা সিএনজিতে জোর করে সাইনবোর্ড ভেঙে তাদের নামে লাগানোর চেষ্টা করে। তারা জমির মালিকানা দাবি করে সামনের মাস থেকে ভাড়া দাবি করে।
তবে জিডির তদন্তে টাইগারের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। পর দিন ডিপজল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিয়ে পোস্ট দেন।
টাইগার দাবি করেন, ওই সম্পত্তির (নাভানা সিএনজি) মালিক তিনি নিজে। ডিপজল ওই সম্পত্তি তার দাবি করে তাকে সমাজে হেয় করতে চেয়েছে। বাদী অভিযোগ করেন, ডিপজল শুধু ফেসবুক পোস্টে ক্ষান্ত হননি। টেলিভিশন, বিভিন্ন পত্রিকায়, অনলাইন নিউজপোর্টালে বিষয়টি প্রচার করে। এতে তার সামাজিক সম্মানহানী করে, ব্যবসায়ীক সুনাম ও কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন করেছে।





















