প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ , ৪:৪৩:০৫ প্রিন্ট সংস্করণ
ভারতের চাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ওপর কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তবে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই শর্ত মানব না।”
তিনি আরও বলেন, চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে বাধ্য করা যাবে না।
বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে স্কটল্যান্ড খেলবে—ফরাসি বার্তা সংস্থা এএফপির এমন প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আসিফ নজরুল বলেন, “আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমরা কিছু শুনিনি। কথা হচ্ছে, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা তা মানব না।”
তিনি বলেন, “এর আগে এমন উদাহরণ আছে। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলায় আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। খুবই যৌক্তিক কারণে আমরা ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।”





