মোঃ নাজমুল হক মণি | নারায়ণগঞ্জ ১ এপ্রিল ২০২৬ , ৫:৪৮:৫৩ প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের টাওরা গ্রামে ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ছাদের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, টেলিভিশন, কাপড়চোপড়সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেয়। পাশাপাশি বাড়ির ফার্নিচার ও ব্যবহারের জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করে এবং পরে অগ্নিসংযোগ করে।
সরেজমিনে দেখা গেছে, দুইতলা বাড়িটির নিচতলার প্রায় সব কক্ষ এবং কয়েকটি বাথরুমসহ পুরো বাড়িজুড়ে ব্যাপক ভাঙচুরের চিহ্ন রয়েছে। প্রতিটি কক্ষই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রফিকুল ইসলামের স্ত্রী নাজনীন আক্তার জানান, ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। তিনি বলেন, “আমার স্বামী দীর্ঘ ২৫-৩০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন। হঠাৎ একদল সন্ত্রাসী ছাদের গেইট ভেঙে ঘরে ঢুকে সবকিছু ভাঙচুর করে। তারা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও ব্যবসার নগদ ১৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং যাওয়ার সময় ঘরে আগুন লাগিয়ে দেয়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “ঘটনার সময় আমি ব্যবসায়িক কাজে বাইরে ছিলাম। পরে বাড়ি থেকে খবর পেয়ে জানতে পারি, দুর্বৃত্তরা বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




















