সারাদেশ

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

  শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা ৫ এপ্রিল ২০২৬ , ১০:২০:০৫ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে কাপসন্ডা বাজার ব্রিজের ওপর খাজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ ও ভুক্তভোগী সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন— খাজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, ইউপি সদস্য রামপদ সানা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি লুৎফর রহমান, ছাদেক হোসেন, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, নুরুজ্জামান, স্থানীয় পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি প্রীতিশ রায়, স্থানীয় বাসিন্দা শেখ সোহরাব হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফরিদা রহমানসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু সরকারি বরাদ্দকৃত ঈদুল ফিতরের চাল ও শীতবস্ত্র আত্মসাৎ করেছেন। একই পরিবারের একাধিক সদস্যকে চালের কার্ড দেওয়া, প্রকৃত জেলে না হয়েও জেলে কার্ড প্রদান, দরিদ্রদের পরিবর্তে সচ্ছলদের মধ্যে কম্বল বিতরণসহ নানা অনিয়মের অভিযোগ তোলেন তারা।

এছাড়া বয়স্কভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড দিতে অর্থ দাবি, ঈদের চাল নির্ধারিত পরিমাণের কম বিতরণ, ব্যক্তিগত অফিসে চাল ও কম্বল মজুদ রাখা এবং উন্নয়ন কাজের বরাদ্দ অর্থের অনিয়মের অভিযোগও করা হয়।

বক্তারা অবিলম্বে অভিযুক্ত চেয়ারম্যানকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content