মোঃ রাশেদ মিয়া , বগুড়া ১৩ এপ্রিল ২০২৬ , ১০:৪১:২৬ প্রিন্ট সংস্করণ
বগুড়ার শাজাহানপুর থানাধীন বনানী বাজারে র্যাব-১২ ও বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুইটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৭,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১১:২৫ মিনিট থেকে ১২:১০ মিনিট পর্যন্ত সিপিএসসি বগুড়া, র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এবং বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে একটি আভিযানিক দল বনানী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে।
এ সময় রাজু স্টোরে বোতলজাত ২ লিটার সয়াবিন তেল নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ৩৯০ টাকার পরিবর্তে ৪১০ থেকে ৪২০ টাকায় বিক্রি করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দোকান মালিক মোহাম্মদ আলী (৮০) কে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গৌর সাহা মিষ্টির দোকানে হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় দোকান মালিক শ্রী তপন সাহা (৪১) কে ২হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর এ তৎপরতা অপরাধমুক্ত বাংলাদেশ গঠনে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।




















