সারাদেশ

রংপুরে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি : ৩৩ ওয়ার্ডে ৭৮ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য

  মো. সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১৯ এপ্রিল ২০২৬ , ১১:৫৬:৫৪ প্রিন্ট সংস্করণ


হাম-রুবেলার ঝুঁকি মোকাবিলায় রংপুর সিটি করপোরেশনের (রসিক) ৩৩টি ওয়ার্ডে মাসব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়ে আগামী ২০ মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এতে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৭৮ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রংপুর সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে রসিকের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন জানান, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ করে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ২৮০টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, সরকারি ছুটির দিন ছাড়া মোট ১৪ দিন এই কার্যক্রম চলবে। এতে ১৫০ জন স্বেচ্ছাসেবক ৩৮টি দলে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করবেন।

ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান তিনি। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে।

রসিক প্রশাসক বলেন, হামমুক্ত বাংলাদেশ গড়তে এ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে এবং অভিভাবকেরা যেন অপপ্রচারে বিভ্রান্ত না হন—সে বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও জানান, টিকা নেওয়ার পর কোনো সমস্যা দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ডিভিশনাল কনসালট্যান্ট জুবায়ের আল মামুন, রসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান ইবনে তাজ, স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার রায়, স্বাস্থ্য শাখার প্রধান নাঈম উল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content